ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: জামালপুরের একই পরিবারের চারজনসহ ৭ জনের দাফন

ময়মনসিংহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-03T15:11:19+06:00
2026-10-03T15:11:19+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: জামালপুরের একই পরিবারের চারজনসহ ৭ জনের দাফন
ময়মনসিংহ প্রতিনিধি
⏲ ৩:১১ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই জামালপুর সদর উপজেলার বাসিন্দা। একই উপজেলার সাতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জেলাজুড়ে। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

জানা গেছে, আজ শনিবার সকাল ৯টায় মিনালের বাবার বাড়ি জামালপুরের ঘোড়াকান্দা গ্রামে মর্জিনা ও মিনালের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। সকাল ১০টায় ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। একই সময়ে বাকি তিনজনের মরদেহও দাফন করা হয়।

এর আগে গতকাল শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের চারজনসহ জামালপুরের সাতজন নিহত হন।

নিহতরা হলেন-জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন লেবু (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)। এ ছাড়া অটোরিকশার চালক জামালপুর সদরের বীর গোবিন্দপুর গ্রামের মো. সুজন আলী (৪৪), সদর উপজেলার বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯) নিহত হন।

একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই তছনছ হয়ে গেছে একটি পরিবার। যে বাড়িতে মা, ছেলে, মেয়ে ও নাতির উপস্থিতিতে চলত স্বাভাবিক জীবন, সেই পরিবারের চার সদস্যকেই এখন পাশাপাশি কবর দিতে হয়েছে। স্বজনদের আহাজারি ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

ভাটিপাড়া গ্রামের চিত্রও ছিল হৃদয়বিদারক। চারটি খাটিয়া, চারটি কবর আর অশ্রুসিক্ত স্বজন-প্রতিবেশীদের উপস্থিতিতে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা। একই পরিবারের চারজনকে একসঙ্গে হারানোর শোক মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আজাদ ফারাজি বলেন, ‘আগে টেলিভিশনে দেখতাম, একই পরিবারের পাঁচ-সাতজন মারা গেছেন। আজ নিজের এলাকায় এমন ঘটনা ঘটল। বিষয়টি সত্যিই কষ্টের। আমরা পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ। আমার বলার ভাষা নেই।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস দেন তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত