খাগড়াছড়ির গুইমারায় গত বছরের সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি সেনা জোন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মানবিক সহায়তা কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা।
সেনাবাহিনীর সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য দোকানঘর নির্মাণ, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ, সোলার ল্যাম্পপোস্ট স্থাপন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া দিনব্যাপী স্থানীয়দের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একই ধারায় সম্পৃক্ত হতে হবে। অন্যথায় পাহাড়ের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা সম্ভব নয়।
তিনি পাহাড়ি-বাঙালি সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।
জ/উ