দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের পাঠদান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার পর অবসরজনিত বিদায় নিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল।
তাঁর বিদায় উপলক্ষে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ফুলশোভিত একটি বিশেষ গাড়িতে করে সম্মানের সঙ্গে তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়। কেন্দ্রীয় হাই স্কুল কর্তৃপক্ষ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।
বিদায়ী প্রধান শিক্ষকের বিভিন্ন গুণাবলি ও দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আবু শাহানশাহ ইকবাল সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক আবু শাহানশাহ ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না ও খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষক সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নবনির্বাচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সাবেক ভিপি রবিউল ইসলাম এবং অভিভাবক সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষকের বিদায়ে অনেক শিক্ষার্থী ও সহকর্মীকে অশ্রুসজল চোখে বিদায় জানাতে দেখা যায়।
জ/উ