ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিলটি বের করা হয়। ডাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান ও আকরাম হায়দার, বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ, আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমাম মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রত্যয় হচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানাই।
কর্মসূচিতে বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।