সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন যাবত দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১৮ আগস্ট) ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক ফাইয়াজ মো. শারাফ ফাহিম এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক আলামিন ফারাজি।
নোবিপ্রবি
সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে আনীত শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার প্রমাণ পাওয়ার পর তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল ধরনের সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একই সঙ্গে, বহিষ্কৃত ওই ব্যক্তিদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।