বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সহযোগিতা বাড়াতে বৈঠক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-08T10:03:00+06:00
2026-08-08T10:03:00+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সহযোগিতা বাড়াতে বৈঠক
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:০৩ এএম | ৮ আগস্ট, ২০২৬ | শনিবার
বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সহযোগিতা বাড়াতে বৈঠক
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ে দেশটির উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের আর্থিক ও অর্থনৈতিক খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বিশেষ গুরুত্ব পায় প্রস্তাবিত বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)।

এ ছাড়া দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত থেকে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের দেশটির ব্যাংকে থাকা আমানত সহজে উত্তোলনের সুযোগ তৈরি, হালাল শিল্পে অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ও উঠে আসে।

পাশাপাশি মালয়েশিয়ার রাষ্ট্রীয় ফান্ড খাজানাহর সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত ফান্ডে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সহযোগিতা আরও জোরদার করার অভিন্ন অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং। একই সঙ্গে আলোচনায় উঠে আসা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্য) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক)।

জ/উ



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত