সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান। এরই মধ্যে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগির দেশে ফেরা সম্ভব না হলে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার চেষ্টা করবেন।
তবে সাকিবের দেশে ফেরা কিংবা জাতীয় দলের হয়ে আবার খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ শুক্রবার (৭ আগস্ট) ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ তিনি দেখছেন না।
তিনি বলেন, তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।
সাকিবের রাজনৈতিক পরিচয়ই এখন দেশে ফেরার পথে প্রধান বাধা বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এর আগে সাকিবকে শুধু ক্রিকেটার হিসেবে বিবেচনা করে তার বিষয়ে সহনশীল অবস্থানে থাকার কথা জানান আমিনুল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান বদলেছে বলে জানিয়েছেন তিনি।
আমিনুল বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।
তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সাকিব ও মাশরাফি বিন মুর্তজার বিষয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছিলেন আমিনুল।
তখন তিনি বলেছিলেন, যেহেতু তাদের (সাকিব-মাশরাফি) বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব-মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।
জ/শা